গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলি পণ্য বর্জনের ডাক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:০৭
ছবি : বাংলাদেশের খবর
গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্যের বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদের সামনে এসে শেষ হয়।
পথসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের আহমদ। এতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি নজরুল আহসান এবং হাফেজ মো. মাহামুদ হাসান।
বক্তারা বলেন, গাজায় ইসরাইলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে নারী-শিশুসহ লাখো ফিলিস্তিনিকে হত্যা করেছে। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের দাবি তোলেন।
সৈয়দ বশির আহম্মেদ/এআরএস

