খেলাধুলাকেও দলীয়করণ করেছে আ.লীগ : আবু নাসের রহমাতুল্লাহ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২০:০২
স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৫ বছরে খেলাধুলাকেও দলীয়করণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নে পতাং স্কুল মাঠে বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
আবু নাসের বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার দালালি না করলে জাতীয় পর্যায়ে ক্রিকেট অঙ্গনে অধিনায়কত্ব দেয়া হয়নি। এ ক্ষেত্রে যোগ্য ক্রিকেটারকেও দলীয় রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করে বঞ্চিত করেছে। খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। শরীরচর্চার অংশ হিসেবে খেলাধুলাকে প্রধান্য দিতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে।
তিনি বলেন, ভোটাধিকার হরণ করে সন্ত্রাসী ও চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যা আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারি দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।
জেআই জুয়েল/ওএফ

