Logo

সারাদেশ

পুরুষের সমান কাজ করেও মজুরি বৈষম্যের শিকার নারীরা

Icon

রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

অ
পুরুষের সমান কাজ করেও মজুরি বৈষম্যের শিকার নারীরা

ছবি : বাংলাদেশের খবর

‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’—এই কবিতার পঙ্‌ক্তির মতোই গ্রামীণ নারীরা আজ ঘর পেরিয়ে কৃষিকাজে পুরুষের পাশে দাঁড়িয়েছেন। সংসারের স্বচ্ছলতা ফেরাতে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় নারীরা কাজ করছেন ক্ষেত-খামার, পাথর ভাঙা ও চাতালে।

তবে সমান পরিশ্রম করলেও মজুরিতে চলছে বৈষম্য। পুরুষরা যেখানে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পান, সেখানে নারীরা পাচ্ছেন মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা।

কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের আনিছা বেগম ও আজো বালা জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও পুরুষের তুলনায় কম মজুরি দেওয়া হয়। একই চিত্র পাটগ্রাম উপজেলাতেও, যেখানে সহস্রাধিক নারী পাথর ভাঙার মতো কঠিন কাজে নিয়োজিত, তবুও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত।

স্থানীয় কৃষক মনছুর মিয়া স্বীকার করেছেন, নারীরা পুরুষের সমান কাজ করেন। তবে পুরোনো রেওয়াজ অনুসারেই এখনো মজুরি নির্ধারণ হচ্ছে।

সমাজকর্মী রুখশাহানারা মুক্তা বলেন, ‘নারীরা প্রতিটি ক্ষেত্রেই অবদান রাখছেন, অথচ তারা আজও অবহেলিত। ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে কৃষি ও অন্যান্য খাতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে, যা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন