প্রতিকী ছবি
সাভারের আশুলিয়ায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার আশুলিয়ার ইউনিক এলাকার কাজী বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি, ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে ফয়সাল কবির (৩২)। বর্তমানে তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, শনিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়ার ইউনিক এলাকার কাজী বাড়ির সামনে ৮-৯ জন অপরিচিত যুবক এলোপাতাড়িভাবে ফয়সালকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ফয়সালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাদ দিয়ে পুলিশ আরও জানায়, ফয়সাল ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল খানের অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। প্রায় ১৫ দিন আগে ওই চাকরি ছেড়ে দেন তিনি। তবে কারও সঙ্গে তার শত্রুতা ছিল কিনা সেই বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারেনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং তারা তদন্ত করছে। শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
হাসান ভুঁইয়া/এমআই

