গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২১:৪৯
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের বাসন থানার তেলিপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তেলিপাড়া এলাকায় একটি সিএনজিকে পেছন থেকে তাকওয়া বাস ধাক্কা দেয়। ফলে সিএনজিটি উল্টে যায় এবং একটি শিশু নিহত হয়। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ঘটনার পর কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুল মান্নান/এআরএস

