Logo

সারাদেশ

৪৪ বছরেও চালু হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দর

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

অ

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্রিটিশ আমলে স্থাপিত বিমানবন্দরটি স্বাধীনতার পরে সচল থাকলেও ১৯৮০ সালে বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত বিমানবন্দরটি নিয়ে ঠাকুরগাঁও প্রতিনিধি আবু সালেহের প্রতিবেদনে বিস্তারিত।

১৯৪০ সালে ব্রিটিশ শাসনামলে ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জে ৫৫০ একর জমিতে নির্মাণ করা হয় এই বিমানবন্দর। স্বাধীনতার পরও এটি সচল ছিল। তবে লোকসানের কারণে ১৯৮০ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

বিগত ৪৪ বছর ধরে পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়ে আজ ফসলের মাঠে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে নষ্ট হচ্ছে  অবকাঠামো। আর রানওয়ে ব্যবহৃত হচ্ছে গবাদি পশু চরানোর কাজে।

স্থানীয়রা জানান, ‘ব্রিটিশ আমল, পাকিস্তানী আমল, এমনকি স্বাধীন বাংলাদেশেও বিমানবন্দরটি চালু ছিল। চালু না হওয়ায় এখানকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। বিমানবন্দর বন্ধ হওয়ায় উত্তরবঙ্গ সব দিক থেকে পিছিয়ে পড়েছে। বন্দরটি চালু হলে জেলায় শিল্পকারখানার সংখ্যা বাড়বে, অসংখ্যা বেকারের কর্মসংস্থান হবে। ’

এদিকে চলতি বছরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরটির জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে এবং একটি সাইনবোর্ড স্থাপন করেছে। এতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা।

বিগত চার দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে ঠাকুরগাঁওয়ের মানুষ। বিমানবন্দরটি চালু হলে এলাকার উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘বিমানবন্দরটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। সাধারন মানুষের দাবি পূরণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

আবু সালেহ/এমআই/এনজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন