শেরপুরে সংস্কারের পরও সড়কে খানাখন্দ, দুর্ভোগ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
ছবি : বাংলাদেশের খবর
নির্মাণের মাত্র ৭ বছরেই শেরপুর জেলার সীমান্ত সড়কের ৫০ কিলোমিটার রাস্তা পরিণত হয়েছে খানাখন্দে। এতে ঘটছে ছোটবড় দুর্ঘটনা। যান চলাচলেও বেড়েছে দুর্ভোগ। সম্প্রতি দুটি প্যাকেজে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করলেও মান নিয়ে এলাকাবাসীর রয়েছে নানান অভিযোগ।
জানা যায়, ২০১৭ সালে শেরপুর জেলায় ৫০ কিলোমিটার সীমান্ত সড়ক প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এ সড়ক নির্মাণের ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলার সাথে যোগাযোগব্যবস্থার পরিবর্তন ঘটে।
মাত্র সাত বছরেই সড়কটি সংস্কারের অভাবে যানচলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ৫০ কিলোমিটার সড়কের ২৩ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। ৫০ কিলোমিটার সড়কের মধ্যে ২৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ হলেও কাজের মান নিয়ে অভিযোগ করেন এলাকাবাসী।
এর মধ্যে ৬ কিলোমিটার এসবিএসটি বা সিঙ্গেল বিটুমিনাস সার্ফেস ট্রিটমেন্ট এবং বাকি ১৭ কিলোমিটার ডিবিএস বা ড্যান্স বিটুমিনাস সার্ফেসিং করা হয়েছে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৮ কোটি টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন করে।
তবে এই কাজ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নিম্নমানের কাজ করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। গত ৭ বছরে অতিরিক্ত লোড, সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে পুরো সড়কপথটিই এখন খানাখন্দে পরিণত হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।
স্থানীয় রহমত আলি বলেন, ‘এই রাস্তায় হালকা করে কাম করছে। ৬ মাসও টিকে নাই কাম। এই রাস্তায় কিছুদিন পরপর একসিডেন্ট হয়।’
নিশাদ নামের একজন বলেন, ‘আমাদের রাস্তা যে টাইমে করে গেছে, কেউ কোনো বাধা দেয় নাই। তদারকিও কেউ করে নাই বইলা রাস্তার কাম খারাপ হইছে। রাস্তা ৬ মাসও টিকে নাই।’
খাইরুল ইসলাম বলেন, ‘এই রাস্তায় গাড়ি দিয়া চলাচল করাই যায় না। রাস্তা খালি জাম্পিং করে। ভালা মানুষ এই রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যাইব।’
অটোচালক মনোয়ার বলেন, ‘এই রাস্তা দিয়া গাড়ি চালালে গাড়ির ক্ষতি বেশি হয়। একটু পর পর রাস্তা ভাঙা।’
এক মোটরসাইকেল চালক বলেন, ‘সীমান্ত সড়কের পরিস্থিতি ব্যাপক খারাপ। রাস্তা ভাঙা। কাজকামও হয় না। আর হইলেও দুই নাম্বার হয়। রাস্তা বাম্পপিং করে।’
ট্রাকটালক কামাল বলেন, ‘আমরা এক সময় সীমান্ত সড়ক দিয়ে সহজেই এক বন্দরের জিনিস আরেক বন্দরে আনা-নেওয়া করতাম। কিন্তু এহন রাস্তা নষ্ট হইয়া অবস্থা খারাপ। এই রাস্তার কামও ভালা হয় না।’
কাজের মান নিয়ে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম।
তিনি বলেন, ‘আপাতত ২৩ কিলোমিটার এবং পরবর্তীকালে পর্যায়ক্রমে বাকি অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সীমান্ত সড়ক যেটি রয়েছে, সেটির অনেকদিন কাজ না করায় বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রতি রাস্তাটির ইস্টিমেট করে টেন্ডার সম্পন্ন করেছি। টেন্ডারের বর্তমানে ইভেলুশেন কাজ চলছে। ইভেলুশেন কাজ সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করে কাজটি দ্রুতই সম্পন্ন করব। ওই অংশের মেরামত কাজও সম্পন্ন করে ফেলব।’
শাহরিয়ার শাকির/এমজে

