সিলেটে এবার প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান রোববার (১ ডিসেম্বর) দুপুরে জানান, তাদের দায়িত্বশীল সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপির জোয়ানরা অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রিপিস, চিনি, লবন, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে।
এ ছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকা নিরাপদ রাখাতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল হক ডালিম/এমজে

