প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে সালথার ঐতিহ্যবাহী কুটিরশিল্প
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের সালথায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি কুটিরশিল্প। বাজারে বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের কদর বাড়ায় বিলুপ্তির পথে প্রায় এই শিল্প। প্রকৃতপক্ষে বাঁশ ও বেতের স্থান অনেকটাই প্লাস্টিক সামগ্রী দখল করে নিয়েছে। প্লাস্টিকের তৈরি পণ্যের ভিড়ে বর্তমানে বাজারে বাঁশের তৈরি করা এসব সামগ্রীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এতে কুটিরশিল্পের সাথে জড়িত সালথা উপজেলা সদরের সাহাপাড়া গ্রামের কয়েকটি পরিবার ধুকছেন অর্থনৈতিক সংকটে। যে কারণে তাদের মধ্য থেকে অনেকে পেশা বদল করে ফেলেছেন।
সম্প্রতি সরেজমিনে সালথা সাহাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, বাঁশ থেকে চটা বের করে নিপুন হাতের কারুকাজে স্বপ্ন বুনছেন ঋষি সম্প্রদায়ের কৃষ্ণ দাস, প্রভাস দাস, আনন্দ দাস, শ্যামলী রানী দাস, রানী দাস ও অনামিকা দাসসহ কয়েকটি পরিবারের সদস্যরা। কৃষিনির্ভর এলাকাটিতে তারা বারোমাসই এই পণ্য তৈরি করেন। এতে তারা কষ্টের দাম না পেলেও, যেহেতু এটি তাদের বংশপরম্পরা ঐতিহ্য। তাই এখনো মনের মাধুরি মিশিয়ে কুটিরশিল্পের বুনন কাজটি তারা করে চলেছেন।
ঋষি সম্প্রদায়ের কৃষ্ণ দাস, আনন্দ দাস,শ্যামলী দাস, রানী দাস ও অনামিকা দাস বলেন, আগেও তারা বাঁশ ও বেত দিয়ে খাঁচা, কুলা, মোড়া, বই রাখার তাক ও ঝুড়িসহ বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে বাজারে বিক্রি করতেন। বর্তমানে বাজারে প্লাস্টিক পণ্য মানুষ বেশি কেনে, তাই আমাদের পণ্য আর কেউ কিনতে চায় না। এই কারণেই সবাই প্রায় তাদের বাপদাদার পেশা ছেড়ে দিয়েছে। আর এসব পণ্য হারিয়ে গেলে একদিকে যেমন হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্য, অন্য দিকে বেকার হয়ে যাচ্ছে অনেক মানুষ।
তারা মনে করেন, সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পেলে তারা আবারও ফিরে আসতে পারবেন নিজস্ব শিল্পে। বৃদ্ধি পাবে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাঁশ ও বেতের তৈরি হস্ত ও কুটিরশিল্পের কাজ।
ফরিদপুর বেসিকের উপমহাব্যস্থাপক মানছুরুল করিম বলেন, বর্তমান সরকার যেহুতু প্লাস্টিক পণ্য ও পলিথিন ব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরাও প্লাস্টিক পণ্য পরিহার করে শিল্পবান্ধব দেশীয় বাঁশের পণ্য তৈরি করে বাজারজাত করার জন্য এ শিল্পের সাথে জড়িতদের উৎসাহিত করছি।
মোঃ পারভেজ মিয়া/বিএইচ

