‘মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র বরদাশত করা হবে না’
ছারছীনা দরবার শরীফের মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০১
অরাজনৈতিক সংগঠন জমইয়াতে হিযবুল্লার আমির মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন ছারছীনার পীর বলেছেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। তেমনি সংখ্যালঘু হিসেবে এদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করছে। তারা আমাদের কাছে নিরাপত্তা পাবে ঠিক, তাই বলে এদেশের মুসলিমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’
শনিবার (৩০ নভেম্বর) ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরি মুনাজাতপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আল্লাহর গোলাম। আল্লাহতায়ালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র ইবাদত-বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী ও আমল-আখলাক হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী। এ ব্যাপারে কারো কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে একদল লোক বের হয়েছে, সুন্নতকে অবহেলা করছে, তারা নাপিতের মতো কাটছাট করছে সুন্নতকে। তাদের থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, আমরা আদর্শের ব্যাপারে কারো সাথে আপস করিনি, ভবিষ্যতেও করব না।’
হিযবুল্লার আমির বলেন, ‘আজকাল একদল কথায় কথায় ঐক্যের কথা বলে বেড়ায়। ঐক্য হবে ইস্যুভিত্তিক। ইস্যু ব্যতীত ঐক্য কখনও গ্রহণযোগ্য হবে না।’
মাহফিলে আখেরি মুনাজাতে লাখো ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্নস্থান থেকে এসে উপস্থিত হন।
সৈয়দ বশির আহম্মেদ/এমজে

