ছবি : সংগৃহীত
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে জমিজমা ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হাশেম (৫৫) নামে একজনকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে মুখোশ পরা দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চরছান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই গ্রামে জমিজমা ও পারিবারিক আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘ দিন খুন হওয়া আবুল হোসেনের সহযোগীদের সাথে একই গ্রামের সাবেক বেলাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। উভয়ের দ্বন্দ্বে গত ২ বছর আগে একইভাবে কৃষক বেলাল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
ওই মামলায় বেলাল হোসেনের পরিবারের করা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন নিহত আবুল হাশেম। তিনি দীর্ঘ দিন এলাকা ছেড়ে পরিবার নিয়ে সোনাগাজী পৌর শহরে বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে সোনাগাজী থেকে বাড়ি ফেরার পথে বোরকা পরা দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে ফেলে চলে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল হাশেম।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। স্থানীয় এলাকায় জমিজমা নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
এম. এমরান পাটোয়ারী/এমআই

