‘শিক্ষার্থীদের মানবিক বোধসম্পন্ন মানুষ হতে হবে’
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান অধ্যাপক স. ম. আব্দুস সামাদ আজাদ বলেছেন, ‘শিক্ষার্থীদের মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কাজ। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী চলে তা বাস্তবায়ন করতে হবে। যাদের মেধা আছে সুযোগ নেই, তাদের পাশে থাকব।’
রোববার (১ ডিসেম্বর) এসকেএস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বোর্ড চেয়ারম্যান হিসেবে আমি উত্তরাঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছি; কিন্তু এমন পরিবেশ কোথাও দেখিনি। এখানকার শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করলাম, তারা অসাধারণ কিছু প্রজেক্ট তৈরি করেছে, তা দেখে আমি অভিভূত। পথচলার ৭ বছরে প্রতিষ্ঠানটি অনন্য উচ্চতায় উঠেছে। আগামীতে আরও ভালো করবে এমন প্রত্যাশাই রাখছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব মো. দেলওয়ার হোসেন প্রধান, কলেজ পরিদর্শক মো. আবু সায়েম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, সহকারী কলেজ পরিদর্শক মো. খায়রুল আলম এবং এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।
আলোচনা শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক ম্যাগাজিন ‘নবোদয়’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে তারা শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও রিয়েলিটি শো উপভোগ করেন।
আতিকুর রহমান/এমজে

