Logo

সারাদেশ

আশুলিয়ায় ফয়সাল হত্যা

অস্ত্র মহড়ার তথ্য ছিল পুলিশের কাছে!

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:১২

অ
অস্ত্র মহড়ার তথ্য ছিল পুলিশের কাছে!

সাভারের আশুলিয়ায় ফয়সাল কবির (৩২) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থলে অস্ত্র মহড়ার তথ্য জানার পরও ফয়সালকে রক্ষা করতে পারেনি পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার কাজী বাড়ির সামনে ৮-৯ জন সন্ত্রাসী এলোপাতাড়িভাবে ফয়সালকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক অনুসন্ধানে পাওয়া সিসিটিভি ফুটেজও দেখা যায়, বিকেল ৫টা ৪৭ মিনিটে গাজীরচট এলাকার কাজী বাড়ি গলির প্রবেশমুখে নিহত ফয়সাল দৌড়ে পালাচ্ছিলেন, আর তার পেছনে আরেকজন তাকে ধাওয়া করছিল। একই সময়ে, তিনটি মোটরসাইকেল গলিতে প্রবেশ করে এবং সেখানে ৭-৮ জন ব্যক্তি প্রবেশ করতে দেখা যায়। 

ঘটনাস্থলে অস্ত্র মহড়া সম্পর্কে একটি ভিডিও ফুটেজ আসে প্রতিবেদকের হাতে, যেখানে আশুলিয়া থানার উপপরিদর্শক সাখাওয়াত বলছেন, ‘যারা ঘটনা ঘটায়ছে গ্রেপ্তার হবে, আজকে রাতেই। আমি ঘুমাবো না, আমি পারি নাই ওরে সেফ করতে, এ জন্য আমি ঘুমাবো না। আমি একটি গাড়ি নিয়ে চারজন পুলিশ নিছি সিভিলে, আমি পোশাক পরা। পরে আমি গাড়ি নিয়ে ঘুরছি, যাতে এই ঘটনা না ঘটে। ওরা যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, এটা আমার নলেজে আসছে। এই মহড়া প্রতিদিনই হচ্ছে।’

এ বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার উপপরিদর্শক সাখাওয়াত এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং তারা তদন্ত করছে। শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ঘটনাস্থলে অস্ত্র মহড়া হচ্ছে এমন তথ্য ছিল এসআই সাখাওয়াতের কাছে, এ বিষয়ে কিছু জানেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তাকে ডেকে জিজ্ঞাসা করি। পরে বলতে পারবো।

হাসান ভুঁইয়া/এমএইচএস 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন