Logo

সারাদেশ

‘বিএনপির ক্ষমতায় যাওয়া নির্ভর করছে নেতাকর্মীদের আচরণের ওপর’

Icon

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২০:১০

অ
‘বিএনপির ক্ষমতায় যাওয়া নির্ভর করছে নেতাকর্মীদের আচরণের ওপর’

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সহকর্মীর মাঝে এমন একটি ভাব দেখা যাচ্ছে যে, আমরা বোধহয় ক্ষমতায় চলে গেছি, চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সকলকে আমি অনুরোধ করব, একই সঙ্গে আপনাদের সকলকে দৃঢ়ভাবে বলব, আমরা ক্ষমতায় যাইনি, ক্ষমতায় যাব কিনা তা আমরা জানি না।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, আগামী দিনের ক্ষমতায় যাওয়া নির্ভর করছে বিএনপি নেতাকর্মীদের আচরণের ওপর। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো, যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব, কাজেই আমাদের জনগণের সমর্থন পেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমার কাছে যেটি মনে হচ্ছে আমরা সামনে যে নির্বাচন ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে পড়েছে, তারপরও এই নির্বাচন বাংলাদেশের যেকোনো নির্বাচন থেকে অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ যখন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতো। আপনি যদি ২০০১ সালের নির্বাচন ধরেন সেই সময়ের থেকে মানুষের চিন্তা-ধারণা অনেক পরিবর্তন হয়েছে। মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক অনেক সচেতন।

এর আগে সকালে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম খান।

কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপার্সনের উপদেষ্টা ঈসমাইল জবি উল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা। 

কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী। 

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ‍্যে এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, মাহমুদুল হাসান রুবেল, ডা. মাহাবুবুর রহমান লিটন, লাইলী বেগম, ড. শামছুজ্জামান মেহেদী, আরিফা জেসমিন প্রমুখ।

নাজমুস সাকিব/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন