ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর শিবপুরে একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যাতে পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য দুই হাতের আঙ্গুল এবং মুখমণ্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হত্যাকারীরা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সুমন রায়/বিএইচ

