মাদক কারবারের জের
সোনারগাঁয়ে যুবকের রগ কেটে হত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিহত ব্যক্তি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে শাহজাহান (৩১)।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহানকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে এক দল যুবক। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয়রা জানান, একই ইউনিয়নের কোরবানপুর এলাকার রাসেল হকের সঙ্গে পাওনা টাকা লেনদেনের জেরে ঝামেলা চলছিল শাহজাহানের। এরই জের ধরে বেধড়ক মারধর করা হয় তাকে। এক পর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়।
নিহতের বাবা আল ইসলাম বলেন, ‘কয়েক বছর আগে পুলিশের কাছে তাদের অপকর্মের সাক্ষী দেওয়ার কারণে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত করেছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ’
মো. সজীব হোসেন/এমআই/এসবি

