ছবি : বাংলাদেশের খবর
নওগাঁয় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হন। এছাড়া, শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হন।
নিহতদের মধ্যে ট্রাকচালক সুমন মিয়া (৪০) গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের বাসিন্দা। তবে হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ সম্পর্কে নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, ‘ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় খড় বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়।খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘ নিহত দুইজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
এদিকে পল্লী বিদ্যুতের সামনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়।’
দুর্ঘটনার পরপর স্থানীয়রা ঘাতক পিকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এম এ রাজ্জাক/এসবি

