ধানের আঁটি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে বাবা-ছেলেসহ আহত ৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:১৬
গাজীপুরের শ্রীপুরে ধানের আঁটি আইলে রাখা নিয়ে দুই কৃষকের মধ্যে হাতাহাতির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত এক জনের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার যোগীর সীট গ্রামের গুজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে এদিন দুপুরে ধানের আঁটি আইলে রাখা নিয়ে কৃষক মুছলেম ও ফারুকের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
আহতরা হলেন, যোগীর সীট গ্রামের মৃত রুসমত আলীর ছেলে কৃষক মুছলেম উদ্দিন (৬০), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫) এবং ছেলে নাজমুল আহসান (৩৩)।
স্থানীয় কৃষকরা জানান, দুপুরে মাঠে কাটা ধান আইলে রাখাকে কেন্দ্র করে মুছলেম ও ফারুকের মধ্যে প্রথমে তর্ক হয়। একপর্যায়ে মুছলেম ফারুককে চড় মারলে ফারুকের ভাতিজা আল আমিন এসে মুছলেমকে ঘুষি মারেন। স্থানীয়রা তখন বিষয়টি সামাল দেন।
তবে রাত ৯টার দিকে আল আমিন তার চাচাতো ভাই রাকিবকে নিয়ে আবার মুছলেম ও তার ছেলে নাজমুল আহসানকে ছুরিকাঘাত করেন। এতে নাজমুলের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- আতাউর রহমান সোহেল/এটিআর

