Logo

সারাদেশ

টোল চাওয়ায় পেটালেন আ.লীগ নেতা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

অ
টোল চাওয়ায় পেটালেন আ.লীগ নেতা

পটুয়াখালী বাউফলের বগা-চরগরবদি ফেরিতে মোটরসাইকেলের ভাড়া চাওয়ায় মো. জামাল হোসেন (৩৪) নামের এক টোল আদায়কারীকে মারধর করে জখম করা হয়েছে। 

মঙ্গলবার (৩ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ নেতা আমির মোল্লার নেতৃত্বে ৫-৬জন ব্যক্তি তাকে মারধর করে জখম করেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বগা প্রান্তে ফেরী ভেড়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির মোল্লা ও তার ছেলে বরকত মোল্লাকে বহনকারী মোটরসাইকেল ফেরীতে ওঠে। এ সময় ফেরির টোল আদায়কারী মো. জামাল হোসেন গিয়ে তাদের মোটরসাইকেলের ভাড়া চাইলে আমির মোল্লা ক্ষিপ্ত হন। 

একপর্যায়ে তিনিসহ তার ছেলে ও অন্যান্যরা জামালকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে ফেরির ওপর ফেলে দেন। এরপর তাকে লাথি মারতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, ঘাট পরিচালনার দায়িত্বে থাকা বাউফলের বগা প্রান্তের সুলতান সিকদার এবং পশ্চিম প্রান্তের সরোয়ার হোসেন। 

অভিযুক্ত আমির মোল্লার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরিফুল ইসলাম সাগর / এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন