মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৮:৪৯
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (০৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আরাপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ সাদাত। এ সময় অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশ।
অভিযানে স্পিডগান ব্যবহার করে অতিরিক্ত গতির যানবাহন শনাক্ত করে সড়ক পরিবহন আইন ২০২১ অনুযায়ী ২৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। এ সময় নগদ আদায় করা হয় ২৫ হাজার ৬০০ টাকা। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আরও ৭টি নিয়মিত মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্পিডগান ব্যবহার করে যানবাহনের অতিরিক্ত গতি নির্ণয় ও জরিমানা আরোপ করা হয়েছে। যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা প্রদান করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন অপসারণ ও জরিমানা আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা এতে কমে আসবে বলে আশা করছি। মহাসড়কে মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে বলেন, ঝিনাইদহের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন ২০২১ অনুযায়ী জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে।
বুরহান উদ্দীন/এমবি

