ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:১৩
ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত নাহিদ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ এপ্রিল উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে দু’পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
রোববার (০৪ মে) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন ও পুলিশ।
নিহত নাহিদ হোসেন সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু কালাম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে প্রভাবশালী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত নাহিদকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে তাকে ঢামেকে পাঠানো হয়। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিঘিরপাড় গ্রামে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর একটি মামলা হয়েছে। এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুরহান উদ্দীন/এমবি

