চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৪:৩৯
চট্টগ্রাম নগরের মুরাদপুরে সড়ক অবরোধকারীদের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
সোমবার (০৫ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।
এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে সকাল ৯টা থেকে মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ শুরু করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল অবরোধকারীদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় অবরোধকারীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল।
সরেজমিন দেখা যায়, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পর অবরোধকারীদের একটি অংশ বিবিরহাট ও আরেকটি অংশ মির্জাপুল এলাকার দিকে সরে যায়। এ সময় ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। অবরোধকারী ব্যক্তিরা সরে যাওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, পরে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মিডিয়া সেলের প্রধান ফরিদুল ইসলাম বলেন, আমাদের দিক থেকে প্রথমে হামলা হয়নি। পুলিশের সঙ্গে কিছু লাঠিয়াল বাহিনী ছিল। তারাই অতি উৎসাহী হয়ে আমাদের ওপর হামলা করেছে।
ডিআর/এমবি

