ছবি : বাংলাদেশের খবর
ঢাকার সাভারে পৃথক অভিযানে তিন দস্যু ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে পালিয়ে যাওয়া এক মাদক কারবারির বাসা থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক ২৫ লাখ টাকার হেরোইন।
বুধবার (০৭ মে) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু, উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরীর বাড়ি থেকে গাঁজাসহ একজন এবং সাভারের কোন্ডার দাসপাড়া এলাকা থেকে হেরোইনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দস্যুরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কোকরাবুশি গ্রামের মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর জেলা সদরের ওহিদপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) ও ভোলার লালমোহন থানার দেবীচর গ্রামের মো. আল-আমিনের ছেলে মো. হৃদয় (২১)। তারা সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
এছাড়া গ্রেপ্তার মাদককারবারি হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে মো. ফালান (৪৫)। তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহৃত চাপাতি ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সদর থানার বাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে জোহারুল ইসলাম।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, দস্যুতা ও মাদক কারবারির বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একইসাথে পলাতক জোহারুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আরিফুল ইসলাম সাব্বির/এমবি

