ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া বাস চালানো চালক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:১৪
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া চালক শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৭ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানার ফজলু শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাতে সায়েদাবাদ থেকে বরিশালগামী ‘বরিশাল এক্সপ্রেস’ বাসটি ৬০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। রাত ৯টার দিকে দোগাছি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এবং ছাদ উড়ে যায়। এরপর যাত্রীদের ঝুঁকির তোয়াক্কা না করে চালক আরও দ্রুতগতিতে বাস চালিয়ে কুমারভোগ এলাকায় ফেলে রেখে পালিয়ে যান।
ঘটনার পর হাসাড়া হাইওয়ে থানায় পুলিশের উপপরিদর্শক আতিউর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেন।
আবু সাঈদ/এআরএস

