Logo

সারাদেশ

অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের ৫০০ যাত্রী

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০৮

অ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের ৫০০ যাত্রী

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে রেললাইনে হঠাৎ ফাটল দেখা দিয়েছে। যার ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনের ৫শ’ যাত্রী।

বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর-কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেললাইনে ফাটল দেখা দিলে লাল পতাকা দেখে চালক দক্ষতার সঙ্গে দ্রুত ট্রেন থামিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় দ্রুতগামী ওই ট্রেন।

স্থানীয়রা জানান, শ্রীপুর-কাওরাইদ স্টেশনের মাঝামাঝি স্থানে বালিয়াপাড়া এলাকায় রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় লোকজন রেললাইনে লাল রঙের ওড়না টানিয়ে রেখেছেন। মাঝপথে সংকেত দেখে চালক দক্ষতার সঙ্গে দ্রুত ট্রেন থামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রী। খবর পেয়ে কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে সোহেল রানা নামে এক কর্মী এসে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, রেললাইনে অনেক সময় এমন ফাটল দেখা যায়। ঝুঁকিপূর্ণ ফাটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বালিয়াপাড়া এলাকায় ফাটলটি ঝুঁকিপূর্ণ ছিল। তাৎক্ষণিক ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে কর্মীরা ব্যবস্থা নিয়েছেন। স্থানীয়দের উদ্যোগের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ঢাকা থেকে জাজিরা অভিমুখী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে কাওরাইদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীপুর-কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা রোধ করা গেছে। খবর পেয়ে রেললাইন মেরামত কর্মী লাইন মেরামতের কাজ শুরু করেন। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন