ছবি : বাংলাদেশের খবর
সাভার পৌর এলাকায় নিজ বাসায় বাবা আব্দুর সাত্তারকে (৫৬) হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন তার মেয়ে।
বৃহস্পতিবার (০৮ মে) ভোর ৪টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজিদপুর কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর সাত্তার নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ঘাতক মেয়ের নাম জান্নাত জাহান শিফা (২৩)।
আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, পাঁচ মাস আগে বাবা ও মেয়ে ওই বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর ৪টার দিকে ৯৯৯-এ ফোন করে এক মেয়ে জানান তিনি তার বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুর সাত্তারের মরদেহ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।
মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান জান্নাত। পরে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন তিনি।
জানা যায়, ২০২২ সালে সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন মেয়ে জান্নাত। সেই মামলায় আব্দুর সাত্তার দীর্ঘদিন কারাভোগ করেন। পরে তারা সাভারে এসে একসঙ্গে বসবাস শুরু করেন। সেই মামলার সূত্র ধরে বাবা-মেয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসান ভুঁইয়া/এমবি

