Logo

সারাদেশ

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৮:৩৭

অ
চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় মাকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে ছেলে শরীফ বেপারীকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এ রায় দেন।

হত্যার শিকার জায়েদা বেগম (৪৫) রেলওয়ে ঘাট এলাকার আরব আলী বেপারীর স্ত্রী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শরীফ বেপারী তার বড় ছেলে। তারা রেলওয়ে ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের বেপারী বাড়ি।

মামলার বিবরণে জানা গেছে, শরীফ মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদকের মামলা ছিল। মাদকসেবন করে প্রায়ই শরীফ তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত। ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে শরীফ তার মাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন।

জায়েদা বেগম হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শরীফকে আটক করে। এ ঘটনায় আরব আলী বেপারী ওই রাতেই স্ত্রী হত্যার অভিযোগে ছেলে শরীফকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় ৮ বছর চলমান ছিল। আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সরকার কর্তৃক নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম ভূঁইয়া।

আলআমিন ভূঁইয়া/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন