মাত্র ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেলেন খাগড়াছড়ির ৯ যুবক। ছবি : বাংলাদেশের খবর
মাত্র ১২০ টাকা খরচ! কোনো তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে খাগড়াছড়িতে ৯ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার (১৪ মে) বিকেলে মৌখিক পরীক্ষার পর নবনিযুক্ত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১ জন প্রার্থী। তাদের মধ্যে ৯ জন কনস্টেবল পদে উত্তীর্ণ হন। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৩ জন। উত্তীর্ণদের মধ্যে ৭ জনই দিনমজুর ও অটোচালকের পেশায় যুক্ত ছিলেন।
নবনিযুক্তদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা আজ এ জায়গায় এসেছেন। আশা করি আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ায় অবদান রাখবেন।
এ সময় নবাগত পুলিশ সদস্যের কাছ থেকে অনুভূতি জানতে চাইলে আনন্দে আপ্লুত হয়ে তারা কেঁদে ফেলেন।
উল্লেখ্য, খাগড়াছড়িতে ৯টি পুলিশ কনস্টেবল পদের জন্য সাড়ে ৪ শতাধিক আবেদন করেন।
ছোটন বিশ্বাস/এমবি

