৫ দিন পর দেখে নেব : চোরের হুমকি
সাইকেল চুরি করতে এসে ধরা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:১৬
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে নয়ন হোসেন (২৫) নামে এক যুবক। ধরা পড়ার পর স্থানীয়দের উদ্দেশে তিনি হুমকি দিয়ে বলেন, ‘তোদের চিনে রাখলাম। ৫ দিন পর এসে তোদের দেখে নেব।’ এ সময় তিনি একজনকে হত্যার হুমকিও দেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে এ ঘটনা ঘটে।
চোর নয়ন হোসেন কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন মার্কেটের গলিতে একটি সাইকেল চুরি করার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলেন এবং মারধর করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ধরার পর নয়ন হোসেন স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘কোর্টে গেলে আমাকে ৫ দিনের বেশি রাখা যাবে না। এসব মামলায় কিছু হয় না। ম্যাজিস্ট্রেট আমার কথা শুনবেন। তখন আমি সব বলে দেব।’
চোরের হুমকির বিষয়ে কালীগঞ্জের স্থানীয় যুবক অয়ন বলেন, ‘আমরা চোরটিকে জিজ্ঞেস করেছিলাম, সাইকেলটি তুমি চুরি করেছো কি না। সে তখন বলে, ‘৫ দিন পর বের হব, তারপর তোকে হত্যা করব। তোদের সবার চেহারা মনে রাখলাম।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘একটি সাইকেল চুরির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বুরহান উদ্দিন/এআরএস

