শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ, পথে বসার শঙ্কায় তামাক চাষিরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৫১
ছবি : বাংলাদেশের খবর
শ্রমিক অসন্তোষের জেরে টানা ২১ দিন ধরে বন্ধ রয়েছে কুষ্টিয়ায় বিএটি বাংলাদেশের তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা ‘গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্ট (জিএলটিপি)’। এতে বিপাকে পড়েছেন চুক্তিবদ্ধ প্রায় ৫০ হাজার তামাক চাষি।
কারখানা বন্ধ থাকায় উৎপাদিত তামাক প্রক্রিয়াজাত করা যাচ্ছে না, ফলে গুণগত মান হারানোর শঙ্কায় পড়েছেন কৃষকেরা। বিক্রি করতে না পারলে মৌসুমজুড়ে বিনিয়োগ করা অর্থ হারানোর ভয় করছেন তারা।
এ প্রেক্ষাপটে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার কয়েকটি স্থানে বুধবার (১৫ মে) মানববন্ধন করেছেন তামাক চাষিরা। কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে মিরপুরের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘আমরা আর কোনো উপায় না দেখে মানববন্ধনে নেমেছি। আমাদের ফসল যদি বিক্রি না করতে পারি, তাহলে সংসার চালানো অসম্ভব হয়ে যাবে।’
ঝিনাইদহে মানববন্ধনে অংশ নিয়ে চাষি দিদার আলী বলেন, ‘আমাদের অনেকে ঋণ করে জমিতে তামাক চাষ করেছে। এখন যদি তা বিক্রি করতে না পারি, তাহলে পথে বসতে হবে।’
চাষিরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা চালু করতে বিলম্ব হচ্ছে। যদিও শ্রমিকদের অধিকাংশ দাবি ইতিমধ্যে মেনে নিয়েছে কর্তৃপক্ষ, তারপরও ‘একটি স্বার্থান্বেষী মহল’ আন্দোলনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তাদের।
কারখানা চালুর দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন চাষিরা। এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েও দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছিলেন তারা।
এআরএস

