বগুড়ায় নকল সোনার মূর্তি বিক্রি, প্রতারকসহ গ্রেপ্তার ৩
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:২১
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে নকল সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা করার মামলায় প্রতারকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার বিশারপুর ইউনিয়নের সগুনা গ্রামের খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), আবুল কালাম (৫০) এবং ইদ্রিস আলী (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লা গত রমজানের আগে পাকশী ফুরফুরা দরবার শরীফের ওরশে যাওয়ার সময় শেরপুরের খোরশেদ আলমের সঙ্গে পরিচয় হয় এবং তাকে ধর্ম ভাই বানান। পরবর্তীতে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা হয়। খোরশেদ এক পর্যায়ে আসাদুজ্জামানকে জানান, তার আত্মীয় পুকুর খননের সময় ৫শ গ্রাম ওজনের একটি সোনার মূর্তি পেয়েছে। মূর্তিটি পাঁচ লাখ টাকা হলে বিক্রয় করে দেবে। প্রাথমিকভাবে দুই লাখ টাকা দিতে হবে।
সোনার মূর্তিটি কেনার জন্য বৃহস্পতিবার আসাদুজ্জামান স্ত্রীকে সঙ্গে নিয়ে খোরশেদের বাড়িতে যান। সেখানে খোরশেদ, আবুল কালাম ও ইদ্রিস আলী একটি সোনালী রং এর পিতলের তৈরি মূর্তি তার হাতে তুলে দেন এবং সঙ্গে সঙ্গে নগদ দুই লাখ টাকা নিয়ে নেন।
আসাদুজ্জামান নামে এক ভুক্তভোগী শেরপুর থানায় মামলা করেন।
আসাদুজ্জামান মূর্তিটি নিয়ে শেরপুর শহরের একটি স্বর্ণকারের দোকানে যাচাই করতে গেলে তারা পরীক্ষা করে জানান, এটি সোনার নয় বরং পিতলের তৈরি।
প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিক প্রতারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু প্রতারকরা তালবাহানা শুরু করলে আসাদুজ্জামান রাতেই শেরপুর থানায় মামলা দায়ের করে। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ প্রতারক চক্রের সদস্য ৩ জনকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের প্রতারণা রোধে জনগণকে সচেতন হতে হবে।’
মো. আব্দুল ওয়াদুদ/এমআই

