ছবি : সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে ছয় পরিবারের ২১ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি হিন্দুপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ২১টি ঘরে রাখা টিভি, ফ্রিজ, বাইসাইকেল ৩টি, আসবাপত্র, নগদ টাকা, ভুট্টা, ধান-চালসহ প্রায় কোটি টাকার সম্পদ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। তবে কেউ হতাহতের হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার পাতাসী বেগমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে, উত্তরা ইপেজেডের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৭ মে) সকালে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ছয়টি পরিবারের ২১টি বসতঘর পুড়ে গেছে। তবে ঠিক সময়ে আমরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় আরও ৫০০ বসতঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হচ্ছে।
বিএইচ/টিএ

