খাগড়াছড়িতে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বেতন-ভাতা পরিশোধের দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৩:২৩
খাগড়াছড়িতে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বেতন-ভাতা পরিশোধের দাবি। ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায় প্রকল্প) দ্রুত অনুমোদন এবং গত জানুয়ারি থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন জেলার ৯টি উপজেলার ৪০১ জন শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত পাঁচ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তারা দ্রুত প্রকল্প অনুমোদনসহ বকেয়া পরিশোধের দাবি জানান।
এ সময় বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন-
১. জানুয়ারি ২০২৫ থেকে ৮ম পর্যায় প্রকল্প অনুমোদন ও ঈদুল আজহার পূর্বে বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
২. ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্তি করতে হবে।
৩. ৭ম পর্যায়ের জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায়ে স্থানান্তর করতে হবে।
৪. কেয়ারটেকার ও কর্মচারীদের স্কেলভুক্তকরণ করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ফিল্ড অফিসার মো. কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল হালিম, শিক্ষক মো. শফিকুল ইসলাম ও খাগড়াছড়ি মডেল কেয়ারটেকার মো. রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ছোটন বিশ্বাস/এমবি

