নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৪৯
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. স্বাধীন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল সদর মধ্যবাজারে এ ঘটনা ঘটে।
স্বাধীন মিয়া আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে। তিনি নান্দাইল মধ্যবাজারে একটি ইলেকট্রনিকসের দোকানে ব্যবসা করতেন।
পারিবারিক ও বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সকালে স্বাধীন মিয়া তার দোকান পরিষ্কার করছিলেন। দোকানের বাইরে থাকা বৈদ্যুতিক তার অসাবধানতাবশত সরাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা বলেন, স্বাধীন তার নিজ দোকান খোলার পর বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সারোয়ার জাহান রাজিব/এমবি

