তৃতীয় মামলায়ও গ্রেপ্তার দেখানো হলো সেলিনা হায়াৎ আইভীকে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় তার বিরুদ্ধে করা পাঁচ মামলার মধ্যে তিনটিতেই গ্রেপ্তার দেখানো হলো।
শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এ নির্দেশ দেন। ভার্চুয়াল শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে অংশ নেন আইভী।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা এবং আরেকটি হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘আইভী কোনো আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। তবুও প্রতিটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।’
গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্বাংলা ব্যাংকের সামনে রিকশাচালক তুহিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
একইদিন শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে পা হারান হকার নাদিম। তার বাবা দুলাল হোসেন বাদী হয়ে দায়ের করেন আরেকটি মামলা।
দুই মামলাতেই সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিল আদালত।
এআরএস

