রাতভর ড্রেজার উৎসব
ব্রহ্মপুত্রে নিষেধাজ্ঞা অমান্য করে ফের বালু উত্তোলন চলছে
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:১৫
ছবি : বাংলাদেশের খবর
ব্রহ্মপুত্র নদের ঝুঁকিপূর্ণ অংশে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করেছে একটি চক্র। ২৪ ঘণ্টাই চলছে অবৈধ এ কর্মকাণ্ড।
স্থানীয়দের অভিযোগ, চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি এলাকার আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশে নান্দাইল সীমান্ত থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে পাশের ত্রিশাল উপজেলার মরাখলা এলাকায় মজুদ করা হচ্ছে। পরে ট্রাকযোগে বিভিন্ন স্থানে এসব বালু বিক্রি করা হয়।
এই বালু ব্যবসার সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে স্থানীয়রা জানান। তারা আরও বলেন, কিছুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। কিন্তু ফের শুরু হয়েছে বালু খেকোদের দৌরাত্ম্য।
এ বিষয়ে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিনা সাত্তার বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস

