সিডিসি ও চাকরির দাবিতে বাগেরহাটে মেরিন ইনস্টিটিউটে শাটডাউন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:৪৯
ছবি : বাংলাদেশের খবর
সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) প্রদানসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।
সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ‘সিডিসি প্রদান কর, বেকারত্ব দূর কর, ডিজি শিপিংয়ের কালো হাত গুড়িয়ে দাও’—এমন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হয়।
শিক্ষার্থীরা প্রথমে প্রশিক্ষকদের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে তাদের অনুরোধে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সকাল ১০টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক আসলে কিছু সময় অপেক্ষার পর তাকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।
বক্তব্য দেন শেখ আমানউল্লাহ রাকিব, মিরাজ আহম্মেদ সিহাব, ধীরব চন্দ্র বর্মণ, প্রিন্স হালদারসহ অন্যরা।
তারা বলেন, এসএসসিতে ভালো ফল করে ইনস্টিটিউটে ভর্তি হলেও চার বছরের ডিপ্লোমা শেষ করেও চাকরির সুযোগ নেই। আগে সিডিসি দেওয়া হলেও ২০০৯ সালের পর থেকে তা বন্ধ হয়ে গেছে। ফলে বিদেশি জাহাজে কাজের সুযোগও নেই। অন্যদিকে পলিটেকনিক ডিপ্লোমাধারীরা সরকারি চাকরিতে সুযোগ পেলেও মেরিন ও শিপবিল্ডিংয়ের শিক্ষার্থীরা পাচ্ছেন না।
তাদের তিনটি প্রধান দাবি : অনুর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিং শেষে অফিসার ক্যাডেট পর্যায়ে সিডিসি প্রদান। উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ। প্রশিক্ষণের মানোন্নয়ন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এসব দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং ট্রেডে শিক্ষা দেওয়া হয়। তবে সিডিসি না থাকায় ও চাকরির সুযোগ না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীকে বেকার থাকতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এআরএস

