Logo

সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংবাদ প্রত্যাহার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:৩৭

আপডেট: ২৪ মে ২০২৫, ২১:৩৫

অ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংবাদ প্রত্যাহার

গত ১৯ মে ২০২৫ তারিখে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ডিজিটাল সংস্করণে (bangladesherkhabor.net) প্রকাশিত “সাংবাদিক’ পরিচয়ে শিল্পাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছেন লীগের নেতাকর্মীরা” প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সাব্বির আহমেদ। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের মধ্যে তার নামও ছিল। তিনি বর্তমানে দৈনিক বাংলাদেশ সমাচারে বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত।

এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেছেন, উক্ত সংবাদের কোথাও তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা বা রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবুও প্রতিবেদনে তার ও আরও তিনজন সাংবাদিক— নাজমুল হক ইমু, বাবু তিস্তা ও সোহেল রানার ছবি ও নাম প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে তিনি মনে করেন।

সাব্বির আহমেদের ভাষ্য অনুযায়ী, আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তিনি কোনো প্রতিবেদন প্রকাশ করেননি। বরং, সামাজিক মাধ্যমে ও অন্যান্য গণমাধ্যমে যে তথ্য এসেছে, তা থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছে। এছাড়া প্রতিবেদনে ‘সহযোগী’ হিসেবে উল্লেখ করা হলেও তিনি নাজমুল হক ইমুর একজন সহকর্মী মাত্র— এই পরিচয়ের বাইরে কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ‘প্রেসক্লাব কেন্দ্রিক পুরোনো দ্বন্দ্ব এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির স্বার্থে আমার ও সহকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।’

তিনি প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও মানহানিকর উল্লেখ করে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা এবং দুঃখপ্রকাশ প্রত্যাশা করেছেন।

সম্পাদনা পরিষদের বক্তব্য 
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধির পাঠানো প্রতিবেদনের সাথে কারো ছবি প্রকাশিত হয়নি। আশুলিয়া থানার ছবি যুক্ত করা হয়েছিল। তাই প্রতিবাদ বিবৃতিতে উল্লিখিত ছবি প্রকাশের বিষয়টি সত্য নয়। তবে, সম্পাদনা পরিষদের কর্তব্য ছিল প্রকাশের আগে প্রতিবেদকের কাছে প্রতিবেদনের বক্তব্যের স্বপক্ষে যথাযথ তথ্য-প্রমাণ চেয়ে নেওয়া এবং প্রতিবেদনে তা যুক্ত করা। যথেষ্ট তথ্য পাওয়া না গেলে প্রতিবেদনটি প্রকাশ থেকে বিরত থাকতে হতো। অসাবধানতাবসত তা করা হয়নি এবং সম্পাদকীয় নীতিমালা ও সাংবাদিকতার মানদণ্ডের ব্যত্যয় ঘটে এমন প্রতিবেদন প্রকাশ হওয়ায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

প্রতিবেদনটিতে সাংবাদিকতার নৈতিকতা এবং বাংলাদেশের খবরের সম্পাদকীয় নীতিমালা যথাযথভাবে মানা হয়নি। প্রতিবেদনটি যথেষ্ট তথ্যনির্ভর ছিল না বলে এটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

– প্রধান, ডিজিটাল সংস্করণ

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন