আশুলিয়ায় চুরি যাওয়া শিশু উদ্ধার, স্বামী-স্ত্রী আটক
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১
ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়া থেকে চুরি যাওয়া ৩৭ দিনের শিশু আতিকুর রহমানকে দুই দিন পর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।
আটকরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদিপুকুর কোনাপাড়া এলাকার রিজু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনচ ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় আনোয়ারা বেগম নামের এক মহিলা শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। পরে থানায় অভিযোগ দিলে শিশুটিকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আনোয়ারার অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার (৬ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হবে।’
হাসান ভুঁইয়া/এমআই

