Logo

সারাদেশ

শেরপুরে বিপৎসীমার ওপরে নদ–নদীর পানি, বন্যার শঙ্কা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:২০

অ
শেরপুরে বিপৎসীমার ওপরে নদ–নদীর পানি, বন্যার শঙ্কা

ছবি : বাংলাদেশের খবর

ভারতের মেঘালয় ও আসামে টানা বর্ষণ এবং শেরপুরে গত চারদিনের বৃষ্টিপাতে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

সোমবার রাত ১০টায় এ পানি ৩৯ সেন্টিমিটার ওপরে ছিল, যা কিছুটা কমলেও রাতের শেষভাগে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও পানি বাড়তে শুরু করে।

সোমেশ্বরী নদীর পানি বেড়ে চাপাতলী এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে; এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোগাই, নালিতাবাড়ী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছে শেরপুর পানি উন্নয়ন বোর্ড।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, জেলার কিছু নিম্নাঞ্চল ২০ মে পর্যন্ত সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এতে কৃষি ও জনজীবনে ক্ষতি হতে পারে।

জেলা কৃষি বিভাগের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলায় এখন পর্যন্ত ৯২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে কাদা জমে যাওয়ায় মেশিন চালানো যাচ্ছে না, এতে কিছুটা বিলম্ব হচ্ছে।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ‘বৃষ্টি ও উজানের পানিতে নদীর পানি বাড়ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন