শেরপুরে বন্য হাতির আক্রমণে দুই জনের মর্মান্তিক মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ১০টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের দরবেশতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় ভ্যানচালক আজিজুর রহমান আকাশ (৩৫) এবং সিএনজি অটোরিকশা চালক এফিলিস হাগিদক (৫২)। আকাশ গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং হাগিদক গজনী এলাকার সহেন সিমসাংয়ের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় , গতকাল রাত ১০টার দিকে দরবেশতলা এলাকায় বনের দিক থেকে প্রায় ৩০ থেকে ৩৫টি বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা ঢাকঢোল, চিৎকার ও আগুন জ্বালিয়ে হাতির দলকে তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে হাতির দল পিছু হটলেও আকাশ অসাবধানতাবশত একটি হাতির সামনে চলে যান। এ সময় ক্ষিপ্ত হাতিটি তাকে পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মাথা ও পেট থেঁতলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই রাতে এফিলিস হাগিদক কাজ শেষে তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গীরা পালিয়ে বাঁচলেও তিনি আর পারেননি। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, এই ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা করিম মিয়া জানান, নিহতদের পরিবার আবেদন করলে বন বিভাগের বিধি অনুযায়ী সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
স্থানীয়রা বলছেন, পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন বন্য হাতির হানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

