Logo

সারাদেশ

মেঝেতে গৃহবধূর মরদেহ, পাশেই কাঁদছিল ছয় মাসের শিশু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:৩৯

অ
মেঝেতে গৃহবধূর মরদেহ, পাশেই কাঁদছিল ছয় মাসের শিশু

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ঘরের মেঝে থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশেই কাঁদছিল তার ছয় মাস বয়সী শিশু কন্যা।

বুধবার (২১ মে) সকাল ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার পশ্চিম পাড়া গ্রামের শেখ বাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূর নাম আকলিমা আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আকলিমা ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আক্লিমার খালাতো ভাই সৌরহাব জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে ধারালো অস্ত্রের আঘাতে আকলিমাকে হত্যা করে স্বামী পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে তিন সন্তান রয়েছে। সকাল ৯টার দিকে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা গিয়ে ঘরের মেঝেতে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, দরজা খোলা দেখে ভাড়াটিয়ারা ডাকাডাকি করেন। পরে গিয়ে মরদেহ দেখতে পান।

শ্রীপুর থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী পলাতক এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোহেল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন