সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে সতর্কতা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৫১
ছবি : বাংলাদেশের খবর
টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৫.১৯ সেন্টিমিটার বেড়েছে। জেলার সব হাওরেও পানি বাড়ছে এবং সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, সুরমা নদীর পানি বিপৎসীমার ২.৬ মিটার নিচে অবস্থান করছে। নদীর পানির এই বৃদ্ধি ও বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকায় আগামী ৩ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলার সকল হাওরের স্লুইস গেইট ও বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
গত ১৫ মে জেলা প্রশাসক ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এআরএস

