শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কুমিল্লায় বিদেশি প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৫৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বাঙ্গরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটির মহাব্যবস্থাপক ব্রিটিশ নাগরিক এডউইন জর্জ বোলসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন শ্রম আদালত। পাশাপাশি, আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে চিহ্নিত শ্রমিক সমস্যা সমাধানের জন্য সময় দেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়েরকৃত মামলার শুনানিতে কুমিল্লা শ্রম আদালতের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলায় বাঙ্গরা গ্যাস ফ্যাসিলিটি দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও মুনাফা অংশগ্রহণে অনিয়মসহ নানা অভিযোগে অভিযুক্ত ছিল।
কলকারখানা পরিদর্শকরা ২০২৪ সালের ৬ মে সরেজমিন তদন্তে এসব অনিয়মের সত্যতা পান। এরপরও প্রতিষ্ঠান সময়মতো অভিযোগ সমাধান না করায় চারবার তাগিদপত্র দেওয়ার পর মামলা করা হয়।
শুনানিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক এডউইন জর্জ বোলস ও প্রশাসনের মিস হামিদা ভিরানি। মামলা পরিচালনায় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. রাসেল হক।
এআরএস

