অতিথি পাখির কিচিরমিচিরে মুখর করতোয়া
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯
প্রকৃতিতে আগমন ঘটেছে শীতের। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় করতোয়া নদীতে ভিড় করছে অতিথি পাখির দল। তাদের কিচিরমিচিরে মুখর হয়ে উঠেছে চলনবিল অধ্যুষিত তাড়াশের এ নদী। প্রতিদিন পাখিপ্রেমীরা জড়ো হচ্ছেন নদীটির পাড়ে। অতিথি পাখির ওড়াউড়ি আর কলকাকলিতে মুগ্ধ হচ্ছেন তারা। ভ্রমণপিয়াসুরাও ভিড় করছেন এলাকাটিতে।
সরেজমিনে দেখা গেছে, শান্ত জলের বুকে কচুরিপানার সবুজ গালিচার মাঝে ঝাঁক বেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। উড়ে চলা পাখির কিচিরমিচিরে মুখরিত চারপাশ। পিয়াং হাঁস, পাতি সরালি, লেঙজা হাঁস, বালিহাঁস, পাতিকূটসহ দেশি জাতের শামুকখোল, পানকৌড়ি, ছন্নি হাঁস বিল এলাকা মুখরিত করে তুলছে। কিন্তু পরিমাণে গত বছরের প্রায় অর্ধেক। এ বছরও তিব্বতীয় মানিকচক, সাইবেরিয়ান ফিদ্দাসহ অনেক অতিথি পাখিই চোখে পড়ার মতো।
হাজার হাজার পাখি সারাক্ষণ মুখরিত করে রাখছে নদীটিকে। এখন পানি অনেকটাই কমে গেছে। তবু এর সৌন্দর্য একফোঁটাও কমেনি। বেশ কয়েক বছর ধরে বাড়লেও এবার করতোয়ায় অতিথি পাখির আনাগোনা একটু কমেছে। প্রতিবছর শীত মৌসুমে নদীটি যেন হয়ে যায় পাখির আবাসস্থল। এবারও এ নদীতে বাসা বেঁধেছে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ হাজারো অতিথি পাখি।
ফলে বিভিন্ন এলাকা থেকে পাখি প্রেমীরা দল বেঁধে আসছেন পাখি দেখতে। শীতকাল এলেই করতোয়া নদীতে অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে। খুব বড় না হলেও নদীটি পাখির কারণে বেশ পরিচিতি লাভ করেছে। পাখির বিভিন্ন অঙ্গভঙ্গি, উড়ে চলা, নীরবে বসে থাকা মানুষকে মুগ্ধ করে। তাই দূর-দূরান্ত থেকে লোকজন এক নজর পাখি দেখার জন্য এখানে আসেন।
স্থানীয় নওগাঁ বাজার এলাকার নজরুল ইসলাম জানান, এখানে পরিযায়ী পাখির সংখ্যা প্রায় ১০-১২ হাজার। এসব অতিথিদের রক্ষায় এবার বেশ তৎপর গ্রামবাসী। কোনো শিকারি যেন পাখিদের আঘাত করতে না পারে তাই নিজ দায়িত্বে পাহারা দিচ্ছেন তারা।
পাখিদের আশ্রয়স্থল নিরাপদ করতে সহযোগিতা কামনা করেছেন স্থানীয় প্রশাসনের। আর এ বছর করতোয়া নদীতে অনেক পাখি এসেছে। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। প্রতি বছরই অতিথি পাখিগুলো আসে এ নদীতে।
তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহাম্মেদ বলেন, ‘অতিথি পাখি শীতকালের সৌন্দর্য। যার উপস্থিতিতে প্রকৃতিতে আসে নতুন রূপ। নির্দিষ্ট সময়ের পর এই পাখিগুলো চলে যায়। অতিথি পাখি আমাদের ক্ষতি করে না। অথচ দেশের বিভিন্ন স্থানে এ পাখি শিকার করা হয়।’
তিনি বলেন, ‘জীবন বাঁচাতে এসে জীবন দিতে হয় ভিনদেশি পাখিদের। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র মুক্তভাবে রক্ষা করতে হবে। জনগণকে সচেতন করতে হবে। কেউ যাতে পাখিদের বিরক্ত ও শিকার না করে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এমডি মনিরুল/এমজে

