Logo

সারাদেশ

‘আগামী সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে নিতে হবে’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

অ
‘আগামী সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে নিতে হবে’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে নিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ পরিচালনার জন্য যারা আইন তৈরি করেন, তারা হচ্ছেন সংসদ সদস্য। যারা কুরআন প্রতিষ্ঠার কথা বলেন এবং কাজ করেন তাদেরকে সংসদে পাঠাতে হবে। তাহলেই কুরআনের আইন প্রতিষ্ঠা হবে। এ ক্ষেত্রে আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে নিতে হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, জুয়া, মাদকসহ অপরাধমূলক কাজ বন্ধ হবে। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিন তার দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।’

জেলা জামায়াতের আমির বলেন, ‘আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। জমিনের সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র তিনি। সুতরাং এই জমিনে তার রাজই প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়াতে তার রাজত্ব ছাড়া অন্য কারো রাজত্ব চলতে পারে না। কারণ আমাদেরকে একদিন অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর আইনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ ও বিশ্বাস করেন এবং প্রিয় নবী মোহাম্মদ (সা.)-কে আদর্শ হিসেবে মনে করেন, তারা তাদের জানমালসহ সবকিছু দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেন।’

বিল্লাল হোসেন বলেন, ‘স্বাধীনতার পরে আমরা দেশ পরিচালনায় অনেক রাজনৈতিক দল ও নেতাকে দেখেছি। তাদের অনেক কথা শুনেছি। কিন্তু তাদের কাজের মাধ্যমে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ হয়নি। এর কারণ হচ্ছে মানুষের বানানো নিয়ম দিয়ে এই কাজ সম্ভব নয়। একমাত্র কুরআনের আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে দেশের কল্যাণ সম্ভব।’

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডাভোকেট মো. শাহজাহান খান প্রমুখ।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন