মুন্সীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮
ইসকন নিষিদ্ধের দাবি, ভারতের আগরতলায় বাংলাদেশি উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদ ও অ্যাডভোকেট আলিফের খুনিদের ফাঁসির দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুমা নামাজের পর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ প্রতিবাদ সমাবেশ করে ঈমান ও আকিদাহ্ সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট শহীদ চত্বরে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মুন্সীগঞ্জ ঈমান আকিদাহ্ সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, মুফতি নিসার আহমাদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি মুশফিকুর রহমান, মুফতি ওয়ালিউল্লাহ হাসান, মুফতি মুশাররফ হুসাইন, মুফতি আমিন সিদ্দিকী, মুফতি আল আমিন সাদ, মুফতি সাদেক আমিন, মুফতি কামরুল ইসলাম, মুফতি ওমর ফারুক, মাওলানা আবু ছালেহ রিয়াদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইসকন একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এরা ভারতের দালাল। এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারতের উদ্দেশ্য হাসিল করতে চায়। খুনি হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানকার উগ্রবাদী সংগঠন বিজেপি বাংলাদেশের জঙ্গি সংগঠন ইসকনকে উসকে দিয়ে এদেশের পরিবেশ নষ্ট করতে চাইছে।’
বক্তারা আরও বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় রয়েছে হাসিনার দোসররা। এদেরকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। একই সাথে ইসকনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
আবু সাইদ আপন/এমজে

