Logo

সারাদেশ

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:৪৮

অ
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরকীয়া সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রোহান ব্যাপারী (৩৫) পলাতক রয়েছেন। নিহত নারীর নাম ববি আক্তার (২৭)। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

রোববার (২৫ মে) রাত ১১টার দিকে শহরের নুরানি মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোহান ব্যাপারী শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তান নিয়ে নুরানি মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওই বাসায় অবস্থানকালে বেলী নামের এক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এ সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়।

রোববার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। পরে স্থানীয়রা ববিকে উদ্ধার করে টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রোহানের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত রোহান এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। গত ১৫ এপ্রিল রাতে শহরের কালিতলা এলাকায় তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই রোহান পলাতক ছিলেন।

এ বিষয়ে ওসি হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধ থেকে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে রোহান পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

  • জুয়েল হাসান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন