Logo

সারাদেশ

সাংবাদিক শাহীন হত্যা : সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৪৫

অ
সাংবাদিক শাহীন হত্যা : সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের

সাংবাদিক মনিরুল ইসলাম শাহীন।

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া সাংবাদিক ও গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলাম শাহীন হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ রায়কে ঘিরে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা ও প্রত্যাশা—আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

নিহত শাহীনের স্ত্রী ময়না বেগম জানান, আগামী ২৭ মে আদালত এ হত্যা মামলার রায় ঘোষণা করবে। এ মামলায় মনিরুলের বাবা বাদী হয়ে ৩২ জনকে আসামি করেছেন।

ময়না বেগম বলেন, গত বছর ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক ও গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলাম শাহীন, তার বাবা ও ভাইকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছিল সুমন বেপারী, জামাল বেপারী ও কামাল বেপারীসহ ১৫-২০ জন।

এ ঘটনায় মনিরুল ইসলাম শাহীন নিজেই থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বেপারী, জামাল বেপারী ও কামাল বেপারীসহ ৩২ জন আসামি পরবর্তীতে শাহীনকে পিটিয়ে হত্যা করেছে বলে জানান তিনি।

এ ঘটনার পর নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নিহত শাহীনের স্ত্রী ময়না বেগম আরও জানান, গত ৫ আগস্ট (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মামলার বিবাদী পক্ষ—চন্দ্রপাড়ার কামাল, জামাল, সুমন, ইমরান, রাসেল, সোহাগ, মাসুম, মোমিন চৌকিদার, দুলাল খানসহ আরও ১০-১২ জন একযোগে শাহীনের দোকানে প্রবেশ করে। 

তিনি জানান, তারা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তার স্বামী মনিরুল ইসলাম শাহীনকে হত্যা করে। তার শ্বশুর মোসলেম মৃধাকে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আমরা মুমূর্ষু অবস্থায় মোসলেমকে উদ্ধার করি। পরে মনিরুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না বেগম জানান, ওই দিন ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে এ ঘটনা ঘটে। মামলার নম্বর ৩০১/১৫, সিরিআর ৬৪৭/২৪।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, আদালতে মামলা চলমান থাকায় এ বিষয়ে আমাদের কিছু বলার এক্তিয়ার নেই।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন