উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা, ৬ সাংবাদিক আহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৪৮
ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। পর্যটনকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া স্থানীয়দের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সফরসঙ্গী সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ছয় সাংবাদিক আহত হন।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার দাওধারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বাংলা টিভির নাইম ইসলাম, বৈশাখী টিভির বিপ্লব দে কেটু, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তীসহ ছয়জন গণমাধ্যমকর্মী আহত হন।
জানা গেছে, ওইদিন উপদেষ্টা রিজওয়ানা হাসান স্থানীয় প্রশাসনের আমন্ত্রণে দাওধারায় প্রস্তাবিত একটি পিকনিক স্পট পরিদর্শনে যান। তার সফরসঙ্গী ছিলেন বিভিন্ন টেলিভিশন ও গণমাধ্যমের প্রতিনিধিরা। পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকরা বনের মধ্যে অবৈধ বিদ্যুৎ সংযোগ, বনভূমি দখল, পাথর ও বালু উত্তোলন ইত্যাদি বিষয়ে স্থানীয়দের কাছে প্রশ্ন করেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন একাধিক দখলদার পক্ষের লোকজন।
এক পর্যায়ে পর্যটনকেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয়দের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় আহত সাংবাদিক জাহিদুল খান সৌরভকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িতে তুলে নেওয়া হলে, উত্তেজিতরা উপদেষ্টার গাড়ির দিকেও চড়াও হয়।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করেন। পরে তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শাহরিয়ার শাকির/এমআই

